২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় ছিনতাইয়ের দুই সপ্তাহ পর ৩ জন গ্রেপ্তার

দুই সপ্তাহ আগে লোহাগাড়ায় ছিনতাইয়ের একটি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2018, 08:05 PM

Updated : 19 Aug 2022, 02:56 PM

নগরী ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- হুমায়ুন কবির রাসেল (২০), জয়নাল আবেদিন (২০) ও কাজল কান্তি নাথ (৩৪)।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, গত ৬ নভেম্বর লোহাগাড়া বার আউলিয়া কলেজ এলাকায় দুইটি মোটর সাইকেল ও একটি অটোরিকশায় করে কয়েকজন ছিনতাইকারী এক ব্যক্তিকে বাস থেকে নামিয়ে তুলে নিয়ে যায়।

“পরে ওই ব্যক্তিকে মারধর করে তার সাথে থাকা ৭৩ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সাতকানিয়ার মনতলা এলাকায় ফেলে দিয়ে যায়।”

পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, ছিনতাইয়ের শিকার কবিরুল ইসলাম ‘ঢাকা-মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক’ নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন।

সাতাকনিয়া থেকে কিস্তির টাকা সংগ্রহ করে তিনি লোহাগাড়ার আমিরাবাদে অফিসে ফিরছিলেন।

মাসুদ বলেন, “অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে সাতকানিয়া থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার আরও কয়েকজনের নাম প্রকাশ করে।

“তার থেকে তথ্য নিয়ে নগরীর সাবেরিয়া এলাকা থেকে জয়নালকে এবং অটোরিকশা চালক কাজলকে গ্রেপ্তার করা হয়।”

পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, এই ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত ছিল। ছিনতাইয়ে ব্যবহার করা কাজলের অটোরিকশাটি আটক করা হলেও মোটর সাইকেলটি পাওয়া যায়নি।

এছাড়া রাসেলের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।