২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই অটোরিকশার ব্যবসায় গ্যারেজ মালিক-ব্যবসায়ী-দালাল

মো. কবির চট্টগ্রাম নগরীর বাদুরতলা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজের মালিক।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2018, 08:01 PM

Updated : 11 Oct 2022, 12:47 PM

পুরনো খবর:

চট্টগ্রামে চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

তবে তার গ্যারেজে মেরামতের আড়ালে চোরাই অটোরিকশার ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের রমরমা ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে।

পুলিশ বলছে, চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে চুরি করা অটোরিকশার চেসিস নম্বর পাল্টে নতুন নম্বর বসানোর কাজ করে থাকেন কবির। পরে সেসব অটোরিকশার পাল্টানো হয় রেজিস্ট্রেশন নম্বরও। নম্বর পাল্টিয়ে যা এক থেকে দেড় লাখ টাকায় বিক্রি করা হয়।

কবিরের পাশাপাশি মিজানুর রহমান নামের এক ব্যক্তির সন্ধান পেয়েছে পুলিশ, যিনি বাদুরতলা এলাকায় অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বসানোর একটি প্রতিষ্ঠানের মালিক। পাশাপাশি একটি অফিস তৈরি করে পুরাতন সিএনজি অটোরিকশা বেচাকেনাও করেন তিনি।  

Image
চোরাই অটোরিকশার চেসিস নম্বর পাল্টাতে দক্ষ কবির

চোরাই অটোরিকশার চেসিস নম্বর পাল্টাতে দক্ষ কবির

পুলিশের তদন্তে উঠে এসেছে, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী জেলায় অটোরিকশা চুরির কয়েকটি দল সক্রিয় আছে। যারা অটোরিকশা চুরি করে মালিকের কাছে টাকা দাবি করে। দাবিকৃত টাকা পেলে অটোরিকশা ফেরত দেয়। অন্যথায় সেগুলো বিক্রি করে দেয় গ্যারেজ মালিকদের কাছে।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম নগরীতে পুলিশ কিছু লোকের সন্ধান পেয়েছে, যারা চোরাই অটোরিকশা কেনাবেচার সাথে জড়িত।

এই চক্রের সাথে কিছু গ্যারেজ মালিক, মোটর পার্টস ব্যবসায়ী এবং বিআরটিএর দালালও জড়িত আছে বলে জানান তিনি।

ইলিয়াছ বলেন, “চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন জেলায় অটোরিকশা চুরি হলেও মালিকরা তা পুলিশকে না জানিয়ে নিজেরা টাকার মাধ্যমে সমঝোতা করে ফিরিয়ে নেয়। যারা টাকা দিতে অপারগতা প্রকাশ করে তাদের গাড়িগুলো অনেক সময় বেহাত হয়ে যায়।

“কবির, মিজানুর, জাহাঙ্গীর, হাশেম, মহসিন, মানিক, রানা ও রুবেল নামের আরও বেশ কয়েকজনের তথ্য পেয়েছি। যারা ৫০ থেকে ৬০ হাজার টাকায় সিএনজি অটোরিকশাগুলো চোরদের কাছ থেকে কিনে নেন।”

Image
পুলিশ বলছে, বিআরটিএর দালাল মিজানুর জড়িত চোরাই অটোরিকশার বেচাকেনায়

পুলিশ বলছে, বিআরটিএর দালাল মিজানুর জড়িত চোরাই অটোরিকশার বেচাকেনায়

শুক্রবার পাঁচটি চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার সুমন ও আলমগীর গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, বিভিন্ন গ্যারেজ মালিক অটোরিকশা কেনাবেচা করলেও চেসিস ও ইঞ্জিন নম্বর পাল্টাতে পারেন কবির।

পুলিশ জানায়, চোরাই অটোরিকশা কেনার পর সাথে সাথেই কবিরের গ্যারেজে নিয়ে যন্ত্রাংশ খুলে ফেলা হয়। সেখানে ইঞ্জিন, চেসিস নম্বর পাল্টে মিজানুরের মাধ্যমে ভুয়া রেজিস্ট্রেশন নম্বর লাগানো হয়। পরে সুবিধামতো সেগুলো এক থেকে দেড় লাখ টাকায় বিক্রি করা হয়।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ইলিয়াছ বলেন, মিজানুর বিআরটিএর দালাল। দুর্ঘটনাকবলিত কিংবা নষ্ট গাড়ির কাগজপত্র সংগ্রহ করেন তিনি। ওই নম্বরগুলোই চোরাই অটোরিকশায় ব্যবহার করা হয়।

জানা যায়, মিজান দালাল চক্র ও চোরাই অটোরিকশা কেনাবেচার সাথে জড়িত থাকলেও রাজনৈতিক আশ্রয়ে চলেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচিতে নগরীতে পোস্টারিংও করেন।