২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2018, 09:08 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

শুক্রবার দুপুরে এ ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- অটোরিকশার চালক মো. ফরিদ, যাত্রী নাজনীন (২৫), তার দুই বছরের ছেলে মিকাত, আমেনা বেগম (৪০) ও রোকেয়া বেগম (২৫)।

আহত চার নারী ও শিশু একই পরিবারের সদস্য। তারা রাউজান উপজেলার কদলপুর মিয়া বাড়ি এলাকার বাসিন্দা।

চান্দগাঁও থানার এসআই জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশা নিয়ে বাড়ি থেকে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা।

“এক কিলোমিটার এলাকার যমুনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে অটোরিকশাটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অটোরিকশার যাত্রীরা ও চালক আহত হন।”

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা অটোরিকশাটির আগুন নিয়ন্ত্রণে আনে।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের কারও অবস্থা গুরুতর নয়। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।