২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাল দলিল তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার একজন

চট্টগ্রামের কোরবানীগঞ্জ এলাকা থেকে জাল দলিল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2018, 08:28 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

গ্রেপ্তার হারুন উর রশিদ ওরফে ‍জুনু (৫০) নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে জমি, ঘর-বাড়ি এবং দোকানের জাল দলিল তৈরি করছেন জুনু।

“এসব জাল দলিল ব্যবহার করে প্রকৃত মালিককে মিমাংসার প্রস্তাব দিয়ে অর্থ আত্মসাৎ করত সে।”

পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, জাল দলিল তৈরিতে জুনু ব্রিটিশ, পাকিস্তান আমল এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সময়ের স্ট্যাম্প ও কাগজপত্র ব্যবহার করতেন।

“পাশাপাশি মালিকানার ভুয়া দলিল বানিয়ে মোটা টাকা হাতিয়ে নিত।”

জুনুর কাছ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ২৫৬টি সিলমোহর, ব্রিটিশ আমলের দুই আনা মূল্যমানের স্ট্যাম্প থেকে শুরু করে বাংলাদেশ সরকারের পাঁচ হাজার টাকা মূল্যমানের প্রায় দুই হাজার স্ট্যাপ উদ্ধার করে পুলিশ।