চট্টগ্রামে সিআইইউ পরিদর্শনে কানাডীয় হাই কমিশনের প্রতিনিধি দল
কানাডা হাই কমিশনের একটি প্রতিনিধি দল চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) পরিদর্শন করে যৌথ শিক্ষা কার্যক্রম চালুর আগ্রহ প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডীয় প্রতিনিধি দলের সদস্যরা মঙ্গলবার চট্টগ্রামের জামালখানে সিআইইউ ক্যাম্পাসে এসে উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহ প্রকাশ করেস।
হাই কমিশনের কাউন্সিলর অ্যান্ড সিনিয়র ট্রেড কমিশনার কোরিন পেট্রিসর এবং ট্রেড কমিশনার কাজী গোলাম ফরহাদ ছিলেন এই প্রতিনিধি দলে।
চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা ও প্রশাসন শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে উপস্থিত ছিলেন বৈঠকে।
কোরিন পেট্রিসর বলেন, “কানাডার অনেক শিক্ষার্থী বাংলাদেশের কৃষ্টি-কালচার ও ঐতিহ্য জানতে উৎসুক। এদেশের পড়ালেখার সঙ্গে তাদের যোগাযোগ ঘটলে নতুন ধারার জ্ঞানের উদ্ভব হবে।”
বিবিএ কোর্সের শিক্ষার্থীদের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য কানাডায় দারুণ কিছু সুযোগ রয়েছে জানিয়ে কাজী গোলাম ফরহাদ বলেন, “রোবটিক্স, গ্রাফিক্স ও অ্যানিমেশনে এখন প্রচুর ছেলে-মেয়ে ভালো করছে। সিআইইউর শিক্ষার্থীরা পড়ালেখার বাইরে সৃষ্টিশীল কর্মকাণ্ডে যথেষ্ট সুনাম কুড়িয়েছে।”
সিআইইউর উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী বলেন, “দশ বছর আগেও প্রচুর শিক্ষার্থী ভারত, চীনসহ অনেক দেশে পাড়ি জমাতো উচ্চশিক্ষার জন্য। কিন্তু এখন আন্তর্জাতিকমানের শিক্ষা তারা চট্টগ্রাম থেকেই পাচ্ছে।”
দুই দেশের মধ্যে শিক্ষার্থী বিনিময় কিংবা যৌথশিক্ষা কার্যক্রম চালু হলে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
