২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবির কার্যালয় থেকে বোমা, গান পাউডার উদ্ধার

চট্টগ্রামে জামায়াতের ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ে বিস্ফোরণের পর পুলিশ অভিযান চালিয়ে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2018, 08:29 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

চকবাজার থানার ওসি নিজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যার পর চন্দনপুরা এলাকা সংলগ্ন ‘আর ইসরা’ ভবনের আশপাশের এলাকায় ব্লক রেইড দেয় পুলিশ।

সেসময় ওই এলাকায় শিবিরের মহানগর কার্যালয়ে চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপরই শিবির কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ।

‘আর ইসরা’ ভবনের দ্বিতীয় তলাতেই ছাত্রশিবিরের মহানগর কার্যালয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, সন্ধ্যা ৭টা থেকে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় ব্লক রেইড চলছিল।

“সোয়া ৭টার দিকে পুলিশের অভিযান দল ‘আর ইসরা’ ভবনের কাছে আসার পর ভবনটি থেকে ৫-৭টা বোমার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

“এরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে অভিযানে যোগ দেয় অতিরিক্ত পুলিশ।”

রাত ৯টা পর্যন্ত চলা অভিযানে ভবনটি থেকে ছয়টি তাজা ককটেল, আধা কেজি গান পাউডার, কাচের টুকরা, পাথরের টুকরা, দুই লিটারের বেশি পেট্রোল ও বিপুল পরিমাণ লাঠি জব্দ করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

চারতলা ‘আর ইসরা’ ভবনের দ্বিতীয় তলা থেকে এসব উদ্ধার করা হয় জানিয়ে তিনি বলেন, অভিযোনে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ভবনটির ছাদে বোমাগুলোর বিস্ফোরণ ঘটনো হয়েছিল বলে জানান তিনি।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ আবদুর রউফ বলেন, ওই ভবনটিকে ঘিরে থাকা অন্যন্য ভবনের মধ্যে দিয়ে একটি গোপন পথ রয়েছে।

ওই পথ দিয়েই শিবিরের লোকজন পালিয়ে গেছে বলে ধারণা তার।

অভিযানের পর ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে।