২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধনেশটির ঠাঁই হল চট্টগ্রাম চিড়িয়াখানায়

রাস্তায় শিশুদের কাছ থেকে উদ্ধার করা ধনেশ পাখির ঠাঁই হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2018, 07:14 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

শুক্রবার বিকালে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাখিটি হস্তান্তর করেন উদ্ধারকারী সাব্বির চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ১০ অক্টোবর লালখান বাজার টাংকির পাহাড় এলাকা থেকে রুগ্ন অবস্থায় পাখিটি উদ্ধার করেন তিনি।

কয়েকদিন নিজের বাসায় রেখে সুস্থ করার পর পাখিটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

সাব্বির বলেন, “কয়েকটি শিশু ছোট পাখিটি নিয়ে খেলছিল। কেউ কেউ পাখির ঠোঁঠে কাঠ ও কলম দিয়ে খোঁচা দিচ্ছিল। এসময় তাদের কাছ থেকে রুগ্ন পাখিটি উদ্ধার করে বাসায় নিয়ে যাই।”

কালো রঙের পাখিটি ‘কাক ধনেশ’ প্রজাতির বলে জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ।

তিনি বলেন, সাধারণত তিন পার্বত্য জেলা ও সিলেট অঞ্চলের বনভূমি ধনেশ পাখির আবাসস্থল। বড় বড় গাছে তৈরি ‘খোড়লে’ জোড়া করে ধনেশ বাস করে।

বাংলাদেশে ‘রাজ’ ও ‘কাক’ দুই প্রজাতির ধনেশ পাখির দেখা মেলে। কাক ধনেশকে ইংরেজিতে Pied Hornbillও রাজ ধনেশকে Great Hornbill বলা হয়।

সারা দেশে বনভূমি কমতে থাকায় ধনেশ পাখিও বিলুপ্তির পথে বলে জানান চিকিৎসক শুভ।   

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ধনেশ, টিয়া, ময়নাসহ দেশীয় প্রজাতির অন্তত ২৫ ধরনের পাখি রয়েছে।

শুক্রবার হস্তান্তর করা পাখিটি ছাড়াও সেখানে একটি রাজ ধনেশ ও দুইটি কাক ধনেশ রয়েছে।