২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ছাত্রলীগকর্মী মামুন হত্যার পেছনে কোন্দল: পুলিশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছাত্রলীগকর্মী মামুনুর রশীদ খুনের পেছনে সংগঠনের ভেতরকার কোন্দলকে দায়ী করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 07:35 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

গত ২৬ সেপ্টেম্বর মামুনকে (২৬)  খুন করা হয়েছিল। এই খুনের ঘটনায় কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে আলী আজগর (২০) ও মো. আশিক (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে করা মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়। এদের মধ্যে একজনকে হত্যাকাণ্ডের দুই দিন পর কিশোরগঞ্জ থেকে ওমর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর গ্রেপ্তার করা হল আজগর ও আশিককে।

আজগর ও আশিক পুলিশকে জানিয়েছেন, তারা সবাই ছাত্রলীগে জড়িত এবং মামুন ছিলেন তাদের ‘নেতা’।

গত ২৬ সেপ্টেম্বর এলাকায় সংগঠনের একটি মিছিলে মামুনের সঙ্গে না গিয়ে অন্য একজনের সঙ্গে যাওয়ায় আশিক ও শাহনূর নামে দুজনকে মারধর করা হয়েছিল। তার পাল্টায় সেদিন সন্ধ্যায় মামুনকে কুপিয়ে হত্যা করা হয়।

ওসি জানান, “হত্যাকাণ্ডের পরপর জড়িতরা সবাই পালিয়ে গিয়েছিল। আশিক ও আজগর মুরাদনগরে তাদের এক আত্মীয়ের বাসায় লুকিয়ে ছিল। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে।”