২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে গ্যাসের আগুনে দগ্ধ দুইজনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 09:32 AM

Updated : 08 Apr 2022, 07:15 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ ধর জানান, ৩ বছর বয়সী তানিম ও ১১ বছর বয়সী রাজিয়া সুলতানা বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তানিমের মা সোনিয়া আক্তার (২৫), সোনিয়ার এক বছর সয়সী মেয়ে মিম এবং প্রতিবেশী রুবি আক্তার (১৫) বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে নারায়ণ ধর জানান।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকার খোশাল শাহ রোডের একটি তিনতলার ভবনে ওই দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ভবনের তৃতীয় তলায় আনোয়ার হোসেনের বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আগুন ধরে যায়।

খবর পেয়ে পুলিশ অগ্নিদগ্ধ পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে।

তানিমের বাবা আনোয়ার আমান বাজার এলাকায় একটি কুলিং কর্নার চালাতেন। বুধবারই তিনি পরিবার নিয়ে ওই বাসায় উঠেছিলেন বলে চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

পুরনো খবর:

হাটহাজারীতে ঘরে বিস্ফোরণে ৫ জন দগ্ধ