হাটহাজারীতে ঘরে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজার এলাকায় একটি বাসায় বিস্ফোরণে শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোশাল শাহ রোডে সেলিম সাহেবের ভবনের তিনতলার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন- সোনিয়া আক্তার (২৫), তার সন্তান তানিম (৩) ও মিম (১), পাশের বাসার বাসিন্দা রুবি আক্তার (১৫) ও রাজিয়া সুলতানা (১১)।
পুলিশ ধারণা করছে, ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা অগ্নিদগ্ধ হন।
হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় সেলিম সাহেবের মালিকানাধীন ভবনের তিনতলায় আনোয়ার হোসেনের বাসায় বিস্ফোরণের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।”
অগ্নিদগ্ধ পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে নিয়ে পাঠানো হয়েছে।
আনোয়ার আমান বাজার এলাকায় একটি কুলিং কর্নার চালাতেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ব্যক্তি আজকেই নতুন বাসাতে উঠেছে। তারা ঘরে ওঠার পর গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জেনেছি।
“আগে থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ন ধর জানান, রাজিয়া সুলতানার শরীরের ১০০ শতাংশ এবং বাকি চারজনের শরীর ৩০ শতাংশ করে পুড়ে গেছে।
