ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম ইউনিটের অভিষেক
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা ইউনিটের অভিষেক হয়েছে।
সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএফএ চট্টগ্রাম জেলা ইউনিটের অভিষেক ও ডিলারর্স ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিতে প্রযুক্তি ও আধুনিকতার সর্বোচ্চ ছোঁয়া দিয়েছে।
“সারের মূল্য হ্রাস, বিদ্যুৎ ও ডিজেলে ভর্তূকি প্রদান, জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজনে এবং কৃষি পুনর্বাসনে প্রণোদনা প্রদানসহ নানা কর্মসূচি খাদ্য ঘাটতির এই দেশকে করেছে স্বয়ংসম্পন্ন।”
অনুষ্ঠানে কৃষিবিদ আমিনুল হক চৌধুরী বলেন, স্বাধীনতার সময় আমাদের খাদ্য উৎপাদন ছিল মাত্র ১ কোটি মেট্রিক টন। বর্তমানে তা সাড়ে তিনগুণেরও বেশি উৎপাদন হচ্ছে।
“বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে দশম স্থানে রয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশে আজ কৃষি বিপ্লব ঘটেছে।”
বিএফএ’র চট্টগ্রাম ইউনিটের সভাপতি সাইফুদ্দিন মাহমুদ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কফিল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. আমিনুল হক চৌধুরী, টিএসপি কমপ্লেক্স লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মফিজুর রহমান, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস, বিএডিসি চট্টগ্রামের যুগ্ম পরিচালক (সার) মো. আব্দুল হালিম এবং বিএফএর প্রথম ভাইস চেয়ারম্যান রোটারিয়ান মো. মোমেন সরকার। বক্তব্য রাখেন চট্টগ্রাম ইউনিটের সিনিয়র সহ সভাপতি লায়ন মো. হাকিম আলী, সহ সভাপতি নজরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল আলম খাঁন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)- এর যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৫৫০০।
সারাদেশে ডিলারদের মাধ্যমে সুষ্ঠভাবে সার বিতরণের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা পালন করে আসছে বিএফএ।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয়।
এর আগে অভিষেক অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘সুফলার’ মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
