২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে কারাগারে খসরু-বক্কর

রিমান্ড শেষে আদালতে হাজির করার পর বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবুল হাশেম বক্করকে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 08:11 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম এম এম খায়রুল আমিনের আদালতে পৃথক দুই মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবুল হাশেম বক্করকে হাজির করা হয়।

নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এক দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।

“উনার পক্ষে জামিনের আবেদন করা হয়নি। আদালত উনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

এদিকে পুলিশ লাঞ্ছনার মামলায় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়।

বক্করের আইনজীবী আবদুস সাত্তার বলেন, পুলিশ লাঞ্ছনার মামলায় জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়।

“এছাড়া অন্য দুটি মামলায় জামিনের আবেদন করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে।”

এদিকে পুলিশ লাঞ্ছনার মামলায় আরেক আসামি বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে সোমবার আদালতে হাজির করা হয়নি।

আইনজীবী আবদুস সাত্তার বলেন, মাহবুবুর রহমান শামীমকে কুমিল্লা কারাগারে রাখা হয়েছে। তাই তাকে আদালতে আনা হয়নি।

পুরনো খবর:

আইসিটি আইনের মামলায় আমীর খসরু রিমান্ডে
বক্কর-শামীম রিমান্ডে, আমীর খসরুকেও চায় পুলিশ