চট্টগ্রামের বাঁশখালী ও রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ড
চট্টগ্রামের বাঁশখালী ও রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে পুড়েছে মোট আট দোকান ও রাইসমিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। বাঁশখালী ফায়ার স্টেশনের একটি গাড়ি রাত ১টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।
“আগুনে সাতটি বিভিন্ন ধরনের দোকান পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
এদিকে রাঙ্গুনিয়া উপজেলার সরফ ভাটায় রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম জানান, আগুন লাগার খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি গিয়ে ভোর চারটার দিকে আগুন নেভায়।
আগুনে একটি রাইস মিল ও একটি মুদি দোকান পুড়ে ‘অন্তত তিন লাখ টাকার’ ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
দুটি আগুন বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্টি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম।
