দুই কর্মীকে মারধরের পর চবি ছাত্রলীগের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই কর্মীকে মারধরের পর মূল ফটক আটকে বিক্ষোভ করেছে সংগঠনটির একাংশ ।
শনিবার রাতে ১ নম্বর গেইট এলাকায় ‘সিক্সটি নাইন’ গ্রুপের তানজিল হৃদয় ও নাফি নামের দুই কর্মীকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
হৃদয় রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ এবং নাফি একই বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয় ও নাফি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকায় যাওয়ার পর সৌমেন, রাকিব, সুজয়সহ কয়েকজন বহিরাগত তাদের উপর হামলা চালায়।
এর প্রতিবাদে ‘সিক্সটি নাইন’ গ্রুপের নেতা-কর্মীরা জিরো পয়েন্টের মূল গেইট আটকে দিয়ে বিক্ষোভ করে।
ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ‘সিক্সটি নাইন’র নেতা আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কর্মীরা পরীক্ষার্থীদের নিয়ে ১ নম্বর গেইট এলাকায় দিয়ে আসার সময় রাকিবের নেতৃত্বে বহিরাগতরা আমাদের কর্মীদের উপর হামলা করে। বহিরাগত সন্ত্রাসী হামলার বিচার দাবিতে আমরা বিক্ষোভ করি।”
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা মূল অবরোধ করে বিক্ষোভ দেখালে পুলিশ ও প্রক্টরিয়াল বডি তাদের সাথে কথা বলে সরিয়ে দেয়।”
