২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য 'জয় বাংলা' উদ্বোধন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 08:50 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

বৃহস্পতিবার ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ বীর বাঙালির অসীম ত্যাগর মহিমা প্রজন্মের সন্তানদের কাছ চির অম্লান করে রাখার প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে এ ভাস্কর্য স্থাপন করা হয়েছে।”

ভাস্কর্যটি নির্মাণ করছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী সৈয়দ মো. সোহরাব জাহান, মুজাহিদুর রহমান মূসা ও জয়াশীষ আচার্য।

এটি বসানো হয়েছে বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনারের মাঝখানের চত্বরে। ভাস্কর্যটি নির্মাণে ২০ লাখ টাকা ব্যয় হয়েছে, এর মধ্যে ১০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হয়েছে, বাকি ১০ লাখ টাকা এসেছে বিভিন্নজনের অনুদান থেকে।

ভাস্কর সৈয়দ মোহাম্মদ সোহরাব জাহান বলেন, “ভাস্কর্যটি লাইভ কাস্টিং মেথডে তৈরি করা হয়েছে, যা বাংলাদেশে প্রথম। এটি নির্মাণে ধূসর রঙের আস্তরণে মার্বেল ডাস্ট ব্যবহার করা হয়েছে। ফলে রোদ বৃষ্টিতেও ভাস্কর্য মলিন হবে না।

“এই ভাস্কর্যে মুক্তিযুদ্ধে নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়েছে । এছাড়া মুক্তিযুদ্ধে পাহাড়িদের ভূমিকাও উপজাতি নারীর অবয়বে উপস্থাপন করা হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর্য নির্মাণ কমিটির সমন্বয়ক চবি প্রক্টর আলী আজগর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, হলের প্রভোস্ট ও বিভাগের সভাপতিরা।