সিএমপির চার কর্মকর্তার দপ্তর বদল
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এসপি পদমর্যদার চার কর্মকর্তার দপ্তর বদল হয়েছে।
বুধবার বিকালে সিএমপি কমিশনার মাহাবুবর রহমান এ রদবদলের আদেশ জারি করেন বলে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মীর্জা সায়েম মাহমুদ জানান।
আদেশে সদ্য বদলি হয়ে সিএমপিতে আসা পুলিশ সুপার মিজানুর রহমানকে গোয়েন্দা পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের উত্তর জোনের দায়িত্বে থাকা মেহেদী হাসানকে কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট ও চকবাজার থানা নিয়ে গঠিত সিএমপি দক্ষিণ জোনের উপ-কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
দক্ষিণ জোনের উপ-কমিশনার এসএম মোস্তাইন হোসাইনকে গোয়েন্দা পুলিশের বন্দর জোনে এবং বন্দর জোনের উপ-কমিশনার মো. শহীদুল্লাহকে নবগঠিত কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
