২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমাবদ্ধতার সঙ্গে নাগরিকদের সচেতনতার অভাবও আছে: নাছির

পরিচ্ছন্ন নগর গড়তে নগরবাসীর প্রতি ‘নাগরিক দায়বদ্ধতা’ উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 06:56 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

সোমবার সিটি করপোরেশনের (সিসিসি) কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে বিশ্ব বসতি দিবস-২০১৮ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে, পরিচ্ছন্ন শহর গড়ি’ স্লোগান নিয়ে এবার বসতি দিবস পালন করছে সিসিসি। 

সভায় মেয়র নাছির বলেন, শহরের অনেকগুলো সমস্যার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা অন্যতম। এক্ষেত্রে আমাদের যেমন সীমাবদ্ধতা আছে তেমনি নাগরিক সচেতনতারও অভাব রয়েছে।

“নগরবাসী নাগরিক দায়বদ্ধতার বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করলে দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।”

তিনি বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরশেনের পক্ষ থেকে ইতিপূর্বে প্রত্যেক ওয়ার্ডে ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ করার লক্ষ্যে বিন বিতরণ করা হয়। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে টানা কয়েক মাস মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

“তারপরও নালা-নর্দমায় ময়লা আবর্জনার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হতে দেখা যায়। বাইরের দেশে এ দৃশ্য নাই বললেই চলে। তাই বসতিকে বাসযোগ্য রাখতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে আমাদের এগিয়ে আসতে হবে।”

সভায় বক্তব্য রাখেন সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম স্পেশালিস্ট ইফতেখার হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নগর শাসন বিষয়ক গবেষক রায়হান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম চট্টগ্রাম অঞ্চল।

আলোচনা সভার আগে মেয়রের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে নগর ভবনে গিয়ে শেষ হয়।