শেখ হাসিনার শতবছর আয়ু কামনায় গণপ্রার্থনা
মোমবাতি জ্বেলে আর আতশবাজি পুড়িয়ে প্রার্থনায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শতবছর আয়ু কামনা করেছে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর নিউ মার্কেট গোল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজক ‘জাগ্রত ছাত্র যুব জনতা’ মূলত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠন।
রাত ১০টা থেকে বিভিন্ন বয়সী মানুষ অনুষ্ঠান উপলক্ষে গোল চত্বর এলাকায় জড়ো হয়।
‘শত বছর বাঁচো তুমি, অজস্র প্রাণের পরমায়ুতে’ স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর শতায়ু কামনায় গণপ্রার্থনা ও আলোক উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে গোল চত্বর জুড়ে আলোকসজ্জা করা হয়। এলইডি টিভি স্ক্রিনে প্রদর্শিত হয় উন্নয়ন প্রকল্পের ভিডিওচিত্র, জাতির জনকের ভাষণ ও দেশাত্মবোধক গান।
রাত ১২টা ১ মিনিটে শত শত মোমের আলোয় উদ্ভাসিত হয় পুরো এলাকা।
বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নেতৃত্বে পরিচালিত হয় গণপ্রার্থনা। এরপরই আতশবাজিতে রঙিন হয়ে ওঠে রাতের আকাশ।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, শেখ হাসিনা বাঙালি জাতির কাছে রেখে যাওয়া জাতির জনকের এক অমূল্য আমানত।
“মাথা না নোয়ানোর এক শ্রেষ্ঠ সম্পদশালী মানবিক রাষ্ট্র আজ শেখ হাসিনার হাত ধরে সারা বিশ্বে এক প্রচণ্ড বিস্ময়। শত্রুদের শত ষড়যন্ত্র প্রতিহত করে আমাদের উন্নয়নের যাদুর কাঠি শেখ হাসিনাকে শতায়ু করার আরাধনা আজ প্রতিটি বাঙালির অন্তরে।”
পরে সমবেতদের মিষ্টিমুখ করানো হয়।
জাগ্রত ছাত্র যুব জনতার উদ্যোগে এএসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও মো. রকিবুল আলম সাজ্জির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ টিপু, জামশেদুল আলম চৌধুরী, হাজী মো. ইলিয়াছ, জহির আহমদ চৌধুরী, ইবনে সালাউদ্দিন, আব্দুর রহমান মিয়া, শাহনেওয়াজ খালেদ, সাইদুর রহমান, মাহবুবুল হক সুমন প্রমুখ।
