২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের যাত্রা বিলম্বিত, চট্টগ্রামে যাত্রীদের বিক্ষোভ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাসকাটগামী একটি ফ্লাইট বিলম্বিত হওয়ার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিক্ষোভ দেখিয়েছে দুই শতাধিক যাত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 01:48 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

বিমানের ফ্লাইট বিজি-১২১ ঢাকা থেকে এসে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ওমানের মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বুধবার রাত ১০টায়। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেটি রওনা হতে পারেনি। 

এই পরিস্থিতিতে সারারাত অপেক্ষার পর বৃহস্পতিবার সকালে যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে বিমান বন্দর কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ, এপিবিএন ও আনসার সদস্যরা তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন।

বৃহস্পতিবার বিকালে বিমানটি চট্টগ্রাম থেকে ছেড়ে যেতে পারে বলে যাত্রীদের আশ্বস্ত করেছেন তারা।

বিমান কর্মকর্কারা জানান, বুধবার দুপুরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ চট্টগ্রামে জরুরি অবতরণ করায় প্রায় সাড়ে চার ঘণ্টা ফ্লাইট ওঠানাম বন্ধ থাকে। এতে বিমানবন্দরের সূচিতে গড়বড় দেখা যায়।

মাসকাটগামী বিমানের এক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে আমাদের বলা হল বিমান ছাড়বে ভোরে। আজ সকালে আবার বলছে বিমান ছাড়বে বিকালে। এত দীর্ঘ সময় আমাদের অপেক্ষা করিয়ে রেখে তারপর আবার এসব বলা হচ্ছে।”

বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষমান ২১৫ যাত্রীর বিক্ষোভ করার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সকালে এসে তাদের বোঝানোর চেষ্টা করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সারোয়ার ই জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে ক্ষোভ প্রকাশ স্বাভাবিক। যাত্রীদের জিইসি মোড়ের কয়েকটি হোটেলে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও তারা রাজি হননি।”

ফ্লাইট ৮ ঘণ্টার বেশি বিলম্বিত হলে যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়ার নিয়ম রয়েছে।

সারোয়ার ই জাহান বলেন, “বিমান বাংলাদেশের প্রতিনিধিরা যাত্রীদের সাথে আলোচনা করেছেন। বিকেল সাড়ে ৩টা নাগাদ ফ্লাইট ছাড়তে পারে বলে আশ্বাস দিয়েছেন। যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জেই অপেক্ষা করছেন।”