২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২ দিনের মাথায় জামিন পেয়ে ফের ছিনতাইয়ে

গ্রেপ্তার হওয়ার ২২ দিনের মাথায় জামিনে ছাড়া পেয়ে ফের ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছেন সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের এক সদস্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 09:41 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

রোববার নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে নাজমা বেগম (৩৫) নামের ওই নারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজীর দেউড়ি এলাকায় এক নারী টেম্পোযাত্রীর কাছ থেকে সোনার হার ছিনতাই করে কয়েকজন।

“এ সময় ওই যাত্রী চিৎকার করলে স্থানীয়রা নাজমাকে ধরতে পারলেও তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়।”

পরে নাজমার ভ্যানেটি ব্যাগ তল্লাশী করে সোনার হারটি উদ্ধার করা হয় বলে জানান ওসি মহসিন।

তিনি জানান, এ চক্রটি বিভিন্ন গণপরিবহনে যাত্রী সেজে উঠে জটলা সৃষ্টি করে। পরে সুযোগ বুঝে যাত্রীদের স্বর্ণালঙ্কার, মোবাইল কিংবা টাকা-পয়সা হাতিয়ে নেয়।

“গত ২৯ জুন নিউ মার্কেট এলাকায় এক বাসযাত্রী নারীর হার চেইন ছিনিয়ে নেয়ার সাথেও এ চক্রটি জড়িত ছিল।”

এর আগে গত ২৯ জুন আট নম্বর রুটের বাসের এক যাত্রীর হার ছিনিয়ে নেওয়ার সময় রাহেলা নামের এক নারীকে ধরে ফেলেছিল স্থানীয় লোকজন।

পরে তাকে নিয়ে সীতাকুণ্ডের ফকির হাট ইমাম নগর এলাকায় অভিযান চালিয়ে এই নাজমাসহ সাতজনকে গ্রেপ্তার ও হারটি উদ্ধার করেছিল পুলিশ।

ওই সময় নাজমার সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন মোছাম্মৎ রাহেলা, আফিয়া বেগম, ফুলতারা বেগম, সাহার বানু, সুলতানা বেগম, নাজমা বেগম ও মরিয়ম বেগম।

পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, “রোববার ছিনতাইয়ের সময় নাজমার সঙ্গে রাহেলা ও মরিয়মও ছিল। নাজমাকে লোকজন ধরে ফেলার পর তারা কৌশলে পালিয়ে যায়।”

তিনি জানান, নিউ মার্কেট এলাকায় ছিনতাইয়ের ঘটনায় তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তাতে তারা জামিনে ছাড়া পেয়ে আবার ছিনতাইয়ে নেমে পড়েন।

পুরনো খবর:

চট্টগ্রামে ৭ নারী ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার