২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বস্তিঘর থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার

চট্টগ্রামে পূর্ব রেলের জায়গায় গড়ে ওঠা বস্তির একটি ঘর থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2018, 07:02 PM

Updated : 11 Oct 2022, 12:37 PM

শনিবার বিকালে রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের অদূরে ফেন্সি রোডে অভিযান চালিয়ে পুলিশ এসব গাঁজা উদ্ধার করে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের পর তাদের কাছে থেকে তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়।

যে ঘরটি থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে সেটিকে মাদক বিক্রেতারা ‘মজুদখানা’ আর অপর একটি ঘরে সেগুলো প্রক্রিয়া করে খুচরা বিক্রি করা হত বলে পুলিশের ধারণা।

অভিযানের সময় তালিকাভুক্ত মাদক বিক্রেতা রনি ওরফে ননাইয়ার স্ত্রী নাজমা বেগমকে (৪০) গ্রেপ্তার করলেও রনি পলাতক বলে জানান পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান।

তিনি বলেন, বৃহস্পতিবার গ্রেপ্তার দুইজন ছিলেন মাদক কারবারি ননাইয়ার খুচরা বিক্রেতা।

রেলওয়ের পূর্বাঞ্চল সদর দপ্তর সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় একটি সড়কের নাম ফেন্সি রোড। বাংলাদেশ রেলওয়ের এ জায়গায় রয়েছে পূর্বাঞ্চলীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার বাসভবনসহ কয়েকটি আবাসিক ভবন।

সড়কের বিভিন্ন স্থানে অবৈধ ভাবে গড়ে উঠেছে ছোট ছোট খুপড়ি ঘর। আবার কিছু কিছু স্থানে পাকা ঘরও তৈরি করে বাস করছে অবৈধ দখলদারা। অবৈধ কলোনিটি ‘ননাইয়ার কলোনি’ হিসেবে পরিচিত।   

সরেজমিনে দেখা যায়, যে ঘরটি থেকে গাঁজা উদ্ধার করা হয় তার আশপাশে রয়েছে বসতি। মাসখানেক আগে টিন দিয়ে গড়ে তোলা হয় এ ঘর। চক্রাকার করে পলিথিন মোড়ানো গাঁজাগুলো প্লাস্টিকের কাসকেট ও ব্যাগে ভরে রাখা হয়েছে ঘরটিতে।

যে ঘরটিতে মাদক কারবারিরা মাদক প্রক্রিয়াজাত করে, মূল সড়ক থেকে কিছুটা উপরে পাহাড়ের পাদদেশের গড়ে উঠা সেই ঘরটিতেও দেখা গেছে বেশকিছু প্লাস্টিকের কাসকেট ও ব্যাগ।