সাংবাদিক পরিচয়ে টাকা হাতানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার
চট্টগ্রাম সাংবাদিক পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি বেলতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. নাসির উদ্দিন পলাশ (৩৫) ও ফারুক আহম্মেদ (৪৮)।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দুইজন নিজেদের মাই টিভি ও পিএন টিভির সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। মানুষের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
গত ৪ সেপ্টেম্বর রাতে বায়েজিদ এলাকা থেকে ইয়াবাসহ চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। চার আসামির একজনের পরিবার তাদের ছাড়িয়ে নিতে পলাশের সঙ্গে যোগাযোগ করে।
পুলিশ কর্মকর্তা প্রিটন জানান, পলাশ চার আসামিকে ছাড়ানোর আশ্বাস দিয়ে আড়াই লাখ টাকা দাবি করেন। পরে দুই দফায় তিনি এক লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেন।
“আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর পর আসামিদের পরিবারের পক্ষ থেকে পলাশের সঙ্গে যোগাযোগ করে তারা সাড়া পায়নি। মঙ্গলবার আমরা জানতে পারি পুলিশের নামে তারা বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।”
এ অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা প্রিটন।
