ফুটওভার ব্রিজ দখলমুক্ত করেছে চসিক
নগরীর নিউমার্কেট এলাকার ফুটওভার ব্রিজে থাকা মালামাল অপসারণ করে সেটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও বিশেষ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সিসিসির জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউমার্কেট এলাকায় মিউনিসিপ্যাল মডেল স্কুলের সামনের ফুটওভার ব্রিজটি বিভিন্ন মালামাল রেখে অবৈধভাবে দখল করা হয়।
“সেসব মালামাল সরিয়ে ভ্রাম্যমাণ আদালত ফুটওভার ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। একই সাথে ওই এলাকায় ফুটপাতে রাখা মালামালও অপসারণ করা হয়।”
একই অভিযান দল নগরীর রিয়াজ উদ্দিন বাজারের চান্দিনা ভিটার একটি দোকান থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে।
এসময় সেখানকার সড়কে পণ্য রেখে পথচারী চলাচলে বাধা সৃষ্টি করায় সেসব পণ্য জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
