যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যার আসামি হাজী ইকবালের আত্মসমর্পণ
চট্টগ্রামে যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি সাবেক আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল আত্মসমর্পণ করেছেন।
সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে তিনি আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আদালত এই হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তাদের মধ্যে হাজী ইকবাল সোমবার আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গত ২৬ মার্চ হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলার সময় মহিউদ্দিনের ওপর হামলা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।
এ ঘটনায় নিহত মহিউদ্দিনের মা নূর নেছার বেগম বাদি হয়ে হাজী ইকবাল, তার ভাই মুরাদসহ ১৭ জনকে আসামি করে মামলা করেন।
মামলার তিন আসামি গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিলেন, হাজী ইকবালের বিরোধিতা এবং তার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে মহিউদ্দিন খুন হন।
গত ২২ জুলাই হাজী ইকবাল, তার ভাই, ছেলে, মেয়ে জামাইসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় বন্দর থানা পুলিশ।
হাজী ইকবাল একসময় বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য আট বছর আগে তাকে বহিষ্কার করা হয়। তবে তিনি আওয়ামী লীগ নেতা হিসেবেই নিজের পরিচয় দেন বলে স্থানীয়দের ভাষ্য।
