‘হাজী ইকবালের বিরোধিতা করায় খুন হন মহিউদ্দিন’
আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের বিরোধিতা এবং তার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে চট্টগ্রামে যুবলীগকর্মী মহিউদ্দিন খুন হন বলে আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন গ্রেপ্তার তিন আসামি।
হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার তিন আসামি।
বিকালে মহানগর হাকিম আলম ইমরান খানের আদালতে হারুনুর রশিদ, বখতেয়ার আলম প্রিন্স ও সাগর নামে তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানান আদালত পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন।
চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার হারুনুর রশিদ হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার তিন আসামি জবানবন্দিতে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার এবং ঘটনার বর্ণনা দিয়েছেন।
মূলত হাজী ইকবালকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, এলাকার কর্তৃত্ব নিয়ে বিরোধ এবং এলাকায় ওই আওয়ামী লীগ নেতার বিরোধিতা করায় খুনের ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, “হাজী ইকবালের কর্তৃত্ব মানত না মহিউদ্দিন ।”
একসময় মহিউদ্দিন স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের সঙ্গে কাজ করতেন।
পরবর্তীতে বিরোধের জেরে গত ২৬ মার্চ মেহের আফজল বিদ্যালয়ের পুর্নমিলনী উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে চলা সভায় কুপিয়ে হত্যা করা হয় মহিউদ্দিনকে।
হত্যাকাণ্ডের পর মহিউদ্দিনের মা হাজী ইকবালসহ ১৭ জনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন।
এ পর্যন্ত মহিউদ্দিন হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মহিউদ্দিন হত্যায় প্রধান অভিযুক্ত হাজী ইকবালের ছেলে আলী আকবর ও জিসানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার কামরুল হাসান।
