চট্টগ্রামে মেডিকেলে চালু হল ‘বোনস লাইব্রেরি’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে ‘বোনস লাইব্রেরি’। মানব দেহের বিভিন্ন হাড় রাখা আছে এই সংরক্ষাণাগারে।
রোববার চট্টগ্রাম সিটি মেয়র ও চট্টগ্রাম মেডিকেলের পরিচালনা পর্ষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন এ লাইব্রেরির উদ্বোধন করেন।
চট্টগ্রাম মেডিকেল ছাত্রসংসদ ও ছাত্রলীগের উদ্যোগে এ লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে বলে সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইব্রেরিতে রাখা মানবদেহের হাড়গুলোর বৈজ্ঞানিক নাম, শরীরে এগুলোর অবস্থান ও নম্বর আছে। এখানে শিক্ষার্থী ও চিকিৎসকরা গবেষণা করার পাশাপাশি হাড়গুলো বাইরেও নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির এ ধরনের উদ্যোগের ছাত্রসংসদ ও ছাত্রলীগকে ধন্যবাদ জানান।
“এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের হাড় নিয়ে জ্ঞান অর্জনের ক্ষেত্রে এ লাইব্রেরি ভূমিকা রাখবে।”
ডা. মনসুর খলিলের নামানুসারে করা এ লাইব্রেরি সমৃদ্ধ করতে সহায়তার আশ্বাসও দেন মেয়র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রসংসদের সহ-সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমিউর রহমান আকাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল, হাসপাতালের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাত।
