২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব দলের অংশগ্রহণে নির্বাচনের আশা পূর্তমন্ত্রীর

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ‍ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2018, 08:36 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

শনিবার সন্ধ্যায় বন্দর নগরীর আগ্রাবাদে জাম্বুরি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে বলেও আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, “ডিসেম্বরে নির্বাচন হবে। আশা করছি সে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

“মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীত্বেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবে, সেখানে বাধা নাই।” 

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে কাজ করেছি আগামীতে আবার নৌকার বিজয় হবে ইনশাল্লাহ। আমরা এগিয়ে যাচ্ছি। দোয়া করেন, যাতে করে নৌকার বিজয় হয়।

নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩৩টি বাড়ির মালিকানা আদালতের আদেশে ফিরে পাওয়ার পর সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন করে বাসভবন নির্মাণের ঘোষণা দেন গণপূর্তমন্ত্রী।

নাসিরাবাদ হাউজিং সোসাইটি নামে পরিচিত দ্য চিটাগাং হাউজিং কো-অপারেটিভ সোসাইটির পক্ষে সমিতির সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন একটি রিট করেছিলেন।

শুরুতে আদালত সোসাইটির পক্ষে রায় দিলেও অগাস্টের দ্বিতীয় সপ্তাহে তা বাতিল করে সরকারের মালিকানার পক্ষে রায় দেয়।

নবনির্মিত জাম্বুরি পার্ক পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বন্দর নগরীতে ভবিষ্যতে আরও পার্ক করার ঘোষণা দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেম উদ্দিন আহমদ।