পটিয়ায় রেললাইনের পাশে স্কুলছাত্রীর গলাকাটা লাশ
চট্টগ্রামের পটিয়ায় রেললাইনের পাশ থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে এক যুবককেও গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, ওই ছাত্রীকে হত্যার পর যুবকটি আত্মহত্যার চেষ্টা করেছেন।
শনিবার বেলা দুইটার দিকে পটিয়া উপজেলার খানমোহনা এলাকায় রেলগেইটের পাশে এ ঘটনা ঘটে বলে পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ জানান।
নিহত রীমা আক্তার (১৪) পটিয়ার হাইদগাঁও গ্রামের কৃষক মনজুরুল আলমের মেয়ে।
সে হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক শ্যামল দে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার আক্তার স্কুলে যায়নি।
আহত যুবক মো. মাসুদকে (২৫) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে।
ওসি নেয়ামত উল্লাহ বলেন, রেললাইনের পাশের বিলে মেয়েটির গলাকাটা লাশের পাশে ওই যুবকও পড়ে ছিল। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
“প্রাথমকিভাবে মনে হচ্ছে, মেয়েটিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর ওই যুবকও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে।”
