চট্টগ্রাম চিড়িয়াখানায় হচ্ছে পাখির ‘অ্যাভিয়ারি’
চট্টগ্রাম চিড়িয়াখানায় তৈরি হচ্ছে পাখির ‘অ্যাভিয়ারি’।
বৃহস্পতিবার বিকালে চিড়িয়াখানায় পাখির অ্যাভিয়ারির ভিত্তিস্থাপন করেন সংস্থাপন সচিব ফয়েজ আহম্মেদ।
বাঘ, সিংহ, জেব্রার পর এবার চট্টগ্রাম চিড়িয়াখানায় ছোট্ট পরিসরে যুক্ত হচ্ছে এ অ্যাভিয়ারি।
চিড়িয়াখানা পরিচালনা পরিষদের সচিব রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এ অ্যাভিয়ারি। যেখানে ছয় প্রজাতির অন্তত ৩০০টি বিদেশি পাখি থাকবে।
নির্মাণ কাজ শেষ হলে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এ অ্যাভিয়ারি উদ্বোধন করে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।
অ্যাভিয়ারির ভিত্তিস্থাপন করতে আসা ফয়েজ আহম্মদ ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
সরকারি ভাবে চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য আর্থিক সহায়তারও আশ্বাস দেন তিনি।
এদিকে জেব্রার পর এবার ক্যাঙ্গারু আনার সিদ্ধান্তের কথা জানান চিড়িয়াখানা পরিচালনা পর্ষদের সচিব রুহুল আমিন।
তিনি জানান, পাহাড়ের পাদদেশে খাঁচা তৈরি করা হচ্ছে। সেটি তৈরি হলে আগামী জানুয়ারি নাগাদ চারটি ক্যাঙ্গারু আনা হবে।
প্রাথমিক ভাবে দক্ষিণ আফ্রিকা থেকে আনুমানিক ৫০ লাখ টাকা ব্যয়ে এ ক্যাঙ্গারুগুলো আনার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান রুহুল আমিন।
গত ৬ মার্চ চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে ছয়টি জেব্রা আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে।
