শ্রীকৃষ্ণের জন্মতিথিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান
সম্প্রীতি বিনষ্টকারী সাম্প্রদায়িক শক্তিকে পরাভূত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এসেছে চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে।
সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের আয়োজনে চার দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
পরিষদ নেতাদের পাশাপাশি রাজনীতিবিদ, সাংবাদিক ও পেশাজীবীদের পক্ষ থেকে একযোগে এ আহ্বান ধ্বনিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা যার যার ধর্ম পালন করি। কিন্তু এ অবস্থা ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর যে হায়েনার দল রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তারা এদেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের চক্রান্ত করেছে।
অনুষ্ঠানের প্রধান বক্তা দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, “বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। সাম্প্রদায়িকতা তার মধ্যে একটি বড় চ্যালেঞ্জ।
“সাম্প্রদায়িকতা মোকাবিলা করতে হবে ধর্মের মর্মবাণী দিয়ে। আমরা নিজ নিজ ধর্ম পালন করব একই সাথে উৎসব পালন করব সবাই মিলে। মুক্তিযুদ্ধের চেতনার যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ সেটি প্রতিষ্ঠার জন্য অগ্রসর হব। আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি।”
“মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আপানারা- সনাতন ধর্মাবলম্বীরা। যত লড়াই এসেছে, সবচেয়ে বেশি আত্মত্যাগ আপনাদের। বাংলাদেশ যতদিন থাকবে এই অবদান ততদিন স্মরণে থাকবে।”
বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মহাপ্রভু শ্রী অঙ্গন, ঢাকার অধ্যক্ষ শ্রীল রাধাবিনোদ মিশ্রজী মহারাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিষদের সহ-সভাপতি অলক দাশের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন পরিষদ সভাপতি গৌরাঙ্গ দে, সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, সাবেক সভাপতি দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, হিন্দু কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি রাখাল দাশগুপ্ত, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও অতিরিক্তি পুলিশ কমিশনার মোস্তাইন হোসেন প্রমুখ।
নগরীর আন্দরকিল্লা মোড়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী,পুরুষ ও শিশু নানা সাজে নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় থাকা ট্রাক ও ট্রলিতে কৃষ্ণ-রাধাসহ বিভিন্ন চরিত্রের সাজে সজ্জিত হয়ে অংশ নেয় শিশু-কিশোররা। ছিল রঙিন ফেস্টুন, প্রতিমাসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক। পরে শোভাযাত্রা জেএমসেন হল এলাকায় গিয়ে শেষ হয়।
