ইভিএম নিয়ে ষড়যন্ত্রে আওয়ামী লীগ: নোমান
ভোট চুরি করতে ইভিএম পদ্ধতি নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শনিবার নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাবেক মন্ত্রী নোমান বলেন, “বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। আমরা নির্বাচন করতে চাই। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন চায় কিনা সন্দেহ আছে।”
সামনের সংসদ নির্বাচন নিয়ে জনগণের সন্দেহ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “নির্বাচনে ভোট চুরি করার জন্যই ইভিএম পদ্ধতি নিয়ে তারা ষড়যন্ত্র করছে।”
চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, সংবিধান পরিবর্তন করে নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।
তিনি বিএনপিকে মাঠে সমাবেশ করতে না দেওয়ার সমালোচনা করে বলেন, “বিএনপি জনগণের দল। সরকার আমাদের সভা-সমাবেশ করতে দেয় না। আমরা রাস্তার ওপরে নয়, মাঠে সমাবেশ করতে চাই।”
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বাধীন সত্ত্বা নিয়ে এদেশে বেঁচে থাকার জন্য বিএনপি গঠন করেছিলে। খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখে আওয়ামী লীগ আজ কম্পিত।
দলের চেয়ারপারসনকে মুক্ত করতে অভ্যুত্থান ঘটবে মন্তব্য করে মীর নাছির বলেন, সে অভ্যুত্থান আওয়ামী লীগ সামাল দিতে পারবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মহানগর সাধারণ সম্পাদ আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা প্রমুখ।
