২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির কাগজপত্র ঠিক থাকলেই ফুল-চকলেট

চট্টগ্রামে গাড়ির কাগজপত্র ঠিক থাকায় চালকদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2018, 09:42 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

শনিবার নগরীর ওয়াসা ও শাহ আমানত সেতু এলাকায় বিআরটিএর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইটি অভিযানে ১০২টি বিভিন্ন ধরনের যানবাহনের ‍বিরুদ্ধে মামলা ও দুই লাখ চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও ফিটনেস না থাকায় ১১টি গাড়ি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল জানান, ওয়াসার মোড়ে কাগজপত্রে ত্রুটির জন্য বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ৬৭টি মামলা করা হয়েছে; জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৩৮ হাজার টাকা।

Image
চট্টগ্রাম কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় শনিবার যানবাহন কাগজপত্র তল্লাশী করে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় শনিবার যানবাহন কাগজপত্র তল্লাশী করে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও ফিটনেস না থাকায় সাতটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

আর শাহ আমানত সেতু এলাকায় ৩৫টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি চারটি গাড়ি জব্দ করা হয়েছে।

মঞ্জুরুল বলেন, “অভিযানে দেখা গেছে চালক-মালিকরা আগে চেয়ে সচেতন হয়েছে। অধিকাংশ গাড়ির কাগজপত্র ঠিক পাওয়া গেছে।

“তল্লাশিতে যেসব গাড়ির কাগজপত্র ঠিক পাওয়া গেছে সেসব গাড়ির চালকদের চকলেট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।”