২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

অনুমতি ছাড়াই বিদেশি চিকিৎসক এনে সেবা দেওয়ায় চট্টগ্রামে ইউনিক হেলথকেয়ার নামের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 01:44 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে।

সকালে বন্দরনগরীর জামালখান এলাকার বেলভিউ লিমিটেড নামের একটি ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান শুরু হয়। পরে আরও কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে গিয়ে নথিপত্র যাচাই করে দেখেন কর্মকর্তারা। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহ হিল আজম, চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী এ অভিযানে অংশ নিচ্ছেন।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউনিক হেলথকেয়ার নামের ওই ক্লিনিকে বিদেশি ডাক্তার এনে সেবা দেওয়া হয় এবং তারা বিদেশে রোগী পাঠায়। কিন্তু এর জন্য কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি।”

এ কারণে প্রতিষ্ঠানটি ‘সাময়িকভাবে’ বন্ধ রাখতে বলা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ক্লিনিকের অনুমোদন নিয়ে তারা সব রকমের কার্যক্রম পরিচালনা করছিল। তাই সেটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।”

ভ্রাম্যমাণ আদালত দুপুর পর্যন্ত সেনসিভ ডায়গনস্টিক সেন্টারসহ আরও বেশ কয়েকটি চিকিৎসা সেবাকেন্দ্রে গিয়ে নথিপত্র যাচাই করে।