জমি বিক্রি করতে না পেরে ক্ষোভে বড়ভাইকে হত্যার চেষ্টা
নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার জমি বিক্রি করতে না পেরে ‘ক্ষোভে’ ভাতিজাকে সঙ্গে নিয়ে বড়ভাইকে খুন করতে গিয়েছিলেন আবদুর রউফ।
শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন তিনি।
আপন ভাই রাজ্জাককে খুন করতে গিয়ে ভাতিজা আরশাদুর রহমান অপুসহ (২৮) বৃহস্পতিবার গ্রেপ্তার হন রউফ।
সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রউফ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার ভাই রাজ্জাককে খুন করতে যাওয়ার কথা স্বীকার করেছে।
“রউফ জবানিতে বলেছে, দুই তিনমাস আগে থেকে রউফ ও তার ভাতিজার পরিবারের সাথে রাজ্জাকের বিরোধ চলছিল জায়গা-জমি নিয়ে। এর জের ধরে গত কয়েকদিন ধরে পুরনো সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।
“রাজ্জাকের কারণে জায়গা বিক্রি করতে পারছিলেন না বলে জবানবন্দিতে বলেছে সে। জায়গা বিক্রি করতে না পেরে রাগে বড়ভাইকে খুন করার জন্য পিস্তল ও গুলি নিয়ে গিয়েছিল বলে স্বীকার করেছে।”
পশ্চিম মাদারবাড়ি এলাকার টং ফকির মাজার এলাকায় রউফদের পৈত্রিক বাড়ি। তাদের চার ভাইয়ের মধ্যে প্রথম দুই ভাই মারা গেছেন। অপু রউফের মারা যাওয়া মেজভাই আবদুর রহমানের ছেলে।
দোতলায় একটি ফ্ল্যাটে রাজ্জাক তার মাকে নিয়ে থাকেন। ভাতিজা অপু আরেকটি ফ্ল্যাটে তার পরিবার নিয়ে বসবাস করেন।
