চট্টগ্রামে ‘খুন করতে গিয়ে’ অস্ত্রসহ ধরা
চট্টগ্রামে এক ব্যক্তিকে ‘খুন করতে গিয়ে’ তার ছোটভাই ও ভাতিজা অস্ত্র-গুলিসহ ধরা পড়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বন্দরনগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এসআরবি এলাকায় থেকে আব্দুর রউফ (৩৯) ও আরশাদুর রহমান অপু (২৮) নামে ওই দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে।
সরদঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৈত্রিক বাড়ি দখলের জন্য রউফ তার সেজ ভাই রাজ্জাককে খুন করতে চেয়েছিলেন। তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেজ ভাইয়ের ছেলে অপুকে। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের ধরে ফেলে।”
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি।
রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টং ফকির মাজার বাজার এলাকায় তাদের পৈত্রিক বাড়ি। তাদের চার ভাইয়ের মধ্যে প্রথম দুই ভাই মারা গেছেন। অপু তার প্রয়াত মেজ ভাই আব্দুর রহমানের ছেলে।
দোতলা ওই বাড়ির একটি ফ্ল্যাটে রাজ্জাক মাকে নিয়ে থাকেন। আরেকটি ফ্ল্যাটে ভাতিজা অপু তার পরিবার নিয়ে থাকে।
গ্রেপ্তার আব্দুর রউফ ও আরশাদুর রহমান অপু
ঝগড়ার পর রউফ তার যুগী চাঁদ মসজিদ লেইনের ভাড়া বাসায় চলে যায় বলে জানান রাজ্জাক।
ওসি নেজাম বলেন, এসআরবি এলাকার যে হোটেলে রাজ্জাক কাজ করেন, বৃহস্পতিবার দুপুরে সেখানে যান রউফ আর অপু। এক পর্যায়ে অপু ‘অস্ত্র বের করে শাসাতে থাকলে’ স্থানীয়রা তাদের ধরে পিটুনি দেয়। পরে পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যায়।
অপুকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং রউফকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, “অপু ভাড়ায় গিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করত। তার বিরুদ্ধে কর্ণফুলী নদী সংলগ্ন ঘাট দখলের তিনটি অভিযোগ আছে। অপু ও রউফের বিরুদ্ধে নতুন একটি মামলা করার প্রস্তুতি চলছে।”
