চট্টগ্রামে বাড়ির মালিকের স্ত্রীকে ছুরি মেরে ভাড়াটের আত্মহত্যা
চট্টগ্রামে কথা কাটাকাটির জেরে বাড়ির মালিকের স্ত্রীকে এলেপাতাড়ি কোপানোর পর নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করেছেন এক যুবতী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচরায় উত্তম বড়ুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা যুবতীর নাম লিজা (২৩)। তার ছুরিকাঘাতে আহত উত্তম বড়ুয়ার স্ত্রী অন্তরা বড়ুয়াকে (২৫) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার এসআই মোহাম্মদ বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘর ছাড়তে বলায় ভাড়াটিয়া লিজার সঙ্গে তর্ক হয় অন্তরার।
“এর জেরে লিজা অতর্কিতে ছুরিকাঘাত করে অন্তরাকে।”
থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, ছুরিকাঘাত করার পর লিজা তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে সিলিংয়ের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
পরে স্থানীয়রা দুইজনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়।
