প্রথম দিনেই চট্টগ্রাম সাফ, দাবি সিটি করপোরেশনের
বন্দরনগরী চট্টগ্রাম থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য ঈদের দিনই অপসারণ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার বিকেল ৪টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। গতকাল এক দিনে নয় হাজার টন বর্জ্য জমেছিল। এর মধ্যে সাত হাজার টন কোরবানির বর্জ্য, বাকিটা দৈনন্দিনের গৃহস্থালির আবর্জনা।”
এ সিটির বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামবাসীর ভালোবাসা, আন্তরিকতা ও সদিচ্ছায় বর্জ্য অপসারণ পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ শেষ করা সম্ভব হয়েছে। এজন্য সিসিসির পাঁচ হাজার পরিচ্ছন্নতা কর্মী নিরলস পরিশ্রম করেছেন।”
নগরীর ৪১টি ওয়ার্ডে ৩৫০টি গাড়ি নিয়ে বুধবার বর্জ্য অপসারণে কাজ করেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও অপসারণ বিষয়ে নগরবাসীকে সচেতন করতে এবার এক সপ্তাহ আগে থেকেই সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে মাইকিং, লিফলেট বিতরণ, পোস্টারিং এবং পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।
নগর কর্তৃপক্ষ বিকাল ৪টার মধ্যে শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও ঈদের দিন বিকেল ৫টার দিকেও নগরীর পশ্চিম বাকলিয়া, হালিশহর ও পতেঙ্গার কয়েকটি এলাকায় ডাস্টবিনে কিছু বর্জ্য পড়ে থাকতে দেখা যায়।
অবশ্য বৃহস্পতিবার সকালেও পরিচ্ছন্নতা কর্মীরা নগরীর বিভিন্ন অলিগলিতে গিয়ে ব্লিচিং পাউডার ছিটিয়েছেন।
