২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রী শহিদুলের মুক্তির দাবিতে চট্টগ্রামে সমাবেশ

আলোকচিত্রী শহিদুল আলমের কণ্ঠরোধ ‘ধৃষ্টতা’ মন্তব্য করে অচিরেই তার মুক্তির দাবি করেছেন আরেক আলোকচিত্রী শোয়েব ফারুকী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 08:14 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার দেখানো এবং অন্য আলোকচিত্রী ও সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফেইসবুকে ইভেন্ট তৈরির মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে কোনো আয়োজক সংগঠনের নাম ছিল না। সমাবেশে অংশগ্রহণকারী ছিলেন ৩২ জন।

প্রতিবাদ সমাবেশে শোয়েব ফারুকী বলেন, “শহিদুল আলম অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ। এরকম একজন মানুষকে অন্যায়ভাবে আটক এবং নির্যাতন করা কোনোভাবেই কাম্য নয়।

“আমরা উনার নিঃশর্ত মুক্তি দাবি করি। উনি যে কি দেশপ্রেমিক উনার সাথে যারা দীর্ঘদিন ধরে আছেন তারাই বুঝতে পেরেছেন।”

শহিদুল আলম ‘দেশের স্বার্থে’ কথা বলছেন মন্তব্য করে শোয়েব ফারুকী বলেন, “হয়তো বা সরকারের ভেতর লুকিয়ে থাকা কোনো অপশক্তি উনাকে ধরার ব্যাপারে সরকারকে বিভ্রান্ত করেছে। উনি যেটা বলছেন সত্য কথাই বলছেন।

“উনার ভয়েস বন্ধ করা আসলে… কেউ যদি বন্ধ করে সেটা ধৃষ্টতা।”

তিনি বলেন, “উনি (শহিদুল আলম) মুক্তিযুদ্ধের বিশাল একজন সমর্থক। উনার যে আর্কাইভ, বাংলাদেশের আর কারো কাছে মুক্তিযুদ্ধের এত ছবি নাই। তিনি বঙ্গবন্ধুর অন্যতম একজন সৈনিক এবং ভক্ত।

“এরকম একজন মানুষের আজ যে অবস্থা তা আমরা মেনে নিতে পারি না। আমরা চাই সরকারের বোধোদয় হোক এবং অচিরেই তাকে মুক্তি দিক।”

সমাবেশে বক্তব্য রাখেন ইউনূস সুহৃদ, চট্টগ্রামের অন্যতম প্রধান সংগঠক মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক।

সমাবেশে উপস্থিত ছিলেন আলোকচিত্রী মওদুদুল আলম ও শিল্পী দিলারা বেগম জলি।

শোয়েব ফারুকী ২০০৫ সালে ‘ওয়ার্ল্ড প্রেস ফটোগ্রাফি’ প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

ফ্রিল্যান্স এই আলোকচিত্রী চট্টগ্রাম নগরীর সার্সন রোডে ফটো আর্ট ইন্সটিটিউট নামে একটি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক। ছবি বিক্রির জন্য ফটো এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার।