শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং তিনদিনের মধ্যে: মেয়র
আগামী তিনদিনের মধ্যে চট্টগ্রাম নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সোমবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবস্থাপনা কমিটি, সুশীল সমাজ ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান সিটি মেয়র।
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।
সিটি মেয়র বলেন, “আগামী তিন দিনের মধ্যে চট্টগ্রাম নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং করার কাজ শেষ হবে। ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।”
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, “তিনটি ফুট ওভার ব্রিজ নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে।”
ঢাকায় আন্দোলনরতদের সঙ্গে সংহতি জানিয়ে নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভে নামা শিক্ষার্থীরা রোববার ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেয়।
ওই সময় সড়কে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দাবির মধ্যে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুটওভার ব্রিজ অথবা আন্ডার পাস নির্মাণের কথা বলেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং দেওয়ারও দাবি জানানো হয়।
মেয়র জানান, অগ্রাধিকার ভিত্তিতে এসব ফুটওভার ব্রিজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্মাণ করা হবে। প্রথমে নাসিরাবাদ মহিলা কলেজ ও হাজেরা তজু কলেজের সামনে ফুটওভার ব্রিজ তৈরির কথা জানান নাছির।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষাথীরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন।
ফাহমিদা ইয়াসমিন নামে সরকারি মহিলা কলেজের এক ছাত্রী গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে মহিলা বাস সার্ভিস চালুর দাবি জানান।
দাবির প্রেক্ষিতে মেয়র নাছির বলেন, “২০০৭ সালে প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এ বাস সার্ভিস চালু করেছিলেন। কিন্তু যাত্রী না পাওয়ায় তা অনেক দিন ধরে ক্ষতির পরও চালানো হয়েছে।”
অবশেষে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান মেয়র।
বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন একটি গোষ্ঠী ভিন্ন খাতে প্রবাহিত করেছে বলে মন্তব্য করেন।
তিনি বলেন, “এভাবে কোনো কিছু চলতে পারে না। সবকিছু সরকার জানে।”
চট্টগ্রামের শিক্ষার্থীদের দাবি অল্প সময়ের মধ্যে মেনে নেওয়ার ঘোষণা দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, “আমরা বাংলাদেশ নিয়ে ভাবছি না। চট্টগ্রাম নিয়ে ভাবছি। স্কুল শিক্ষার্থীদের যেসব সমস্যা আছে তা আমরা স্বল্প সময়ে সমাধান করব।”
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ইলিয়াস হোসেনসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা।
সিএমপি কমিশনার মাহবুবর রহমান বলেন, “শিক্ষার্থীরা সুনির্দিষ্ট দাবি নিয়ে রাজপথে নেমেছে। এ দাবিগুলোর বিষয়ে আমাদের আগেই করণীয় ছিল। আমরা কিছু করতে পারিনি।”
ছাত্র আন্দোলনকে সরকার পতন আন্দোলনের নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকায় গত দুইদিন ধরে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ হলেও চট্টগ্রামে কোনো ধরনের সহিংসতা না হওয়ায় ছাত্রলীগের প্রশংসা করেছেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান।
