২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদ কর্মসূচি থেকে আটক ৯

নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত সমাবেশ কর্মসূচি থেকে নয়জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 07:32 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

নিরাপদ সড়কের দাবিতে এবার চট্টগ্রামে সড়কে শিক্ষার্থীরা
ক্লাসে ফেরার ঘোষণা চট্টগ্রামের শিক্ষার্থীদের

সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা।

এসময় তারা মিছিল করতে চাইলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাদের বাধা দেয় ছাত্রলীগ।

ফেইসবুকে ইভেন্ট তৈরি করে রোববার বিকাল থেকে আগ্রহীদের প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছিল।

এদিকে সেখানে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও অবস্থান নেয়।

বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনের ফুটপাতে দাঁড়ানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং সেখান থেকে পাঁচজনকে আটক করে।

এই পরিস্থিতিতে সমবেতরা সরে যায়। তবে নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওয়াহেদ রাসেলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রেস ক্লাবের অদূরে অবস্থান নিয়ে ছিল।

এরপর বেলা একটার দিকে কয়েকজন মিলে আবারও নিরাপদ সড়কের দাবিতে মিছিল করার চেষ্টা করে।

তখন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুল আলম লিমনের অনুসারী ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের বাধা দেয়।

এসময় পুলিশ মিছিলকারীদের মধ্য থেকে চারজনকে আটক করে।

পরে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনের সড়কে মিছিল করে।

ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন এবং ওয়াহেদ রাসেল দুজনই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে সাইফুল আলম লিমন ও ওয়াহেদ রাসেলের বক্তব্য পাওয়া যায়নি।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্দেহজনক ঘোরাঘুরি করায় নয়জনকে আটক করা হয়েছে।”