২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ সড়কের দাবিতে এবার চট্টগ্রামে সড়কে শিক্ষার্থীরা

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ঢাকার পর এবার চট্টগ্রামেও সড়কে নেমে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 01:01 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে সমবেত হয়ে মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়।

সেখানে শুরুতে সড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। পরে পুলিশের অনুরোধে তারা সড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে বিক্ষোভ করে।

সমবেত শিক্ষার্থীদের মধ্যে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজ, বেপজা কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ ও সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা ছিলেন।

মিছিল থেকে নৌমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘পড়তে এসেছি, মরতে নয়’, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ/ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’, ‘আর কত ছাত্রছাত্রীর জীবন নিয়ে বেপরোয়া চালকরা ক্ষান্ত হবে’, ‘যদি আন্দোলন করে আমার ভুল করে থাকি তাহলে ভুল করেছেন বঙ্গবন্ধু আমাদের আন্দোলন শিখিয়ে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, “আমরা খুনি চালকদের বিচার চাই। আর তাদের মদতদাতা নৌমন্ত্রীর অপসারণ চাই।”

দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থী পার্থ সারথী দে বলেন, “আমাদের একটাই দাবি- আমরা নিরাপদ সড়ক চাই। সড়কে আর কোনো মৃত্যু চাই না।”

বেলা ১২টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা।