২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শাহজাহান চৌধুরীসহ জামায়াত নেতা-কর্মীরা রিমান্ডে

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জামায়াত ইসলামীর নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 06:45 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

সোমবার চট্টগ্রামের মহানগর হাকিম সফি উদ্দিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর মধ্যে সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং নগর জামায়াতের রোকন আবু তাহের ভুঁইয়াকে দুই দিন করে এবং বাকি ছয় জনকে তিন দিন করে রিমান্ড দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ।

তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

জামায়াতের ছয় কর্মী হলেন- এসএম সাইফূদ্দীন (৩৬), মঞ্জুর আলম (৩৩), রাসেল (১৯), মাহবুবর আলম মিঠু (৩২), মিনহাজুল আরেফীন (২৪), আবুল বাশার (২৬)।

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ১৯টি ও সাইফুদ্দীনের বিরুদ্ধে দুইটি করে মামলা আছে।

নগরীর খুলশী থানার মুরগী ফার্ম এলাকায় একটি বাসায় শুক্রবার দুপুরে ‘গোপন বৈঠকের’ সময় গ্রেপ্তার করা হয় জামায়াত ইসলামী নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ আট জনকে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান জানিয়েছিলেন, সেখানে তারা শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেওয়ার জন্য করণীয় নির্ধারণে বৈঠকে বসেছিল।

“সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে অনেকে দৌড়ে পালিয়ে যায়। বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা রোকন পর্যায়ের নেতা।”

পুরনো খবর:

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেপ্তার