২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পরিবহনহীন সড়কে যাত্রীদের দুর্ভোগ

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের এক সপ্তাহ ধরে চলা আন্দোলনের প্রেক্ষিতে গণপরিবহন বন্ধ রাখায় চট্টগ্রাম মহানগরীতে ব্যাপক দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 09:10 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

চট্টগ্রামে বাস চললেও সংখ্যায় কম

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের অন্যান্য দিনের মতো নগরীর কোথাও জড়ো হতে দেখা না গেলেও রোববার সকাল থেকেই চট্টগ্রাম মহানগরী ছিল গণপরিবহনশূন্য।

সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রিকশা, সিএনজি, অটোরিকশা ও ব্যক্তিগত পরিবহন ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করছে না।

কোনও ধরনের বাস, টেম্পু, রাইডার, ট্রাক, হিউম্যান হলারও চলাচল করতে দেখা যায়নি।

নগরীর ওয়াসা মোড়, ষোলশহর দুই নম্বর গেইট, মুরাদপুর, কদমতলী, আন্দরকিল্লা, চকবাজার, বহদ্দারহাট এলাকা ঘুরে কোথাও গণপরিবহন চলাচলের দেখা মেলেনি।

এদিকে নগরীতে গণপরিবহন না নামায় সকাল থেকেই দুর্ভোগে পড়েন অফিসমুখী লোকজন। বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনও তাদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির মুখে পড়েন।

এ সুযোগে সিএনজি, অটোরিকশা এবং রিকশাওয়ালারা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ট্রেনে করে কুমিল্লার লাকসাম থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে আসা শফিকুল ইসলাম নগরীর কাঠগড় এলাকায় যাবার কোনও গণপরিবহন পাননি।

সড়কে পরিবহন ভোগান্তি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  “কাঠগড় যাবার কোনও বাস, টেম্পু কিছুই পাচ্ছি না। অটোরিকশা ভাড়াও চাচ্ছে দ্বিগুণ।”

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর প্রতিটি বাস স্টপেজে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা গেছে। গণপরিবহন না থাকায় তাদের কেউ হেঁটে অথবা ভাগাভাগি করে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা অথবা রিকশায় করে গন্তব্যে যাচ্ছেন।

নগরীর জিইসি মোড় থেকে ইপিজেডমুখী পরিবহন পেতে দুর্ভোগের কথা জানিয়ে  বেসরকারি চাকরিজীবী তানভির ইসলাম বলেন, “সকাল ৮টা থেকে ঘণ্টাখানেক অপেক্ষা করেও কোন বাস বা বিকল্প কিছু পাইনি। পরবর্তীতে একজনের সাথে শেয়ারে অটোরিকশায় করে অফিসে গিয়েছি।”

গত শুক্রবারও চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশে বাস ছেড়ে গেলেও তা ছিল সংখ্যায় কম।

এরপর শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে ঢাকার মালিক সমিতির নির্দেশে শনিবার থেকে যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ।

শুধু মহানগর নয় চট্টগ্রাম থেকে ছাড়েনি কোনও দূরপাল্লার বাস। নগরীর দামপাড়া, বিআরটিসি বাস স্টেশনসহ বিভিন্ন কাউন্টারে যাত্রীরা গেলেও অনেক বাস কাউন্টার বন্ধ দেখা যায়।

দামপাড়ার সিল্কলাই পরিবহন কাউন্টারের কর্মী শামীম জানান, গাড়ি ছাড়বে কি না তা নিয়ে বিকাল পাঁচটার পরে মালিকপক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হবে।

রিল্যাক্স পরিবহনের কর্মী মো. রাশেদও একই কথা জানান। ইউনিক পরিবহনের টিকেট বিক্রেতারা বলেন, নিরাপত্তার কথা ভেবে টিকেট বিক্রি করা হচ্ছে না।

এদিকে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অপরদিকে ঢাকায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাংচুরের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করতে নগরীর ওয়াসা মোড়ে জড়ো হয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।