পাঁচ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার
চট্টগ্রামে মিয়ানমারের এক নাগরিকসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; উদ্ধার করা হয়েছে পাঁচ হাজার ইয়াবা।
শনিবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মিয়ানমারের নাগরিক আইয়ুব খান ওরফে ফজল হক (৫০), হাছান আহম্মদ (৫০), তার স্ত্রী রুনা বেগম (৪৫), ফাতেমা বেগম (১৮) ও মাহমুদা আক্তার মনিকা (২৬)।
অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহামদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর বাকলিয়া থানার মেরিনার্স রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা আইয়ুব খান ওরফে ফজল হককে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে আড়াই হাজার ইয়াবা উদ্ধার করা হয় জানিয়ে তিনি বলেন, উখিয়ার খ্যাংখালী শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ফজল। দীর্ঘদিন ধরে সে ইয়াবার কারবারের সাথে জড়িত।
এদিকে জুবলী রোড এলাকা থেকে ১৭০০ ইয়াবাসহ হাছান ও রুনা দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও সিনেমা প্যালেস এলাকা থেকে ফাতেমা বেগমকে এক হাজার ও বায়েজিদ আরেফীন নগর থেকে মাহমুদা আক্তার মনিকাকে ১০৩টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শামীম জানান, মনিকা আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
