অচল নগরী চট্টগ্রাম
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টায় গণপরিবহন বন্ধ থাকায় কার্যত অচল হয়ে পড়েছে বন্দরনগরী।
চট্টগ্রামে সকাল থেকে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকেই নগরীর নিউ মার্কেট মোড়, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট এবং ওয়াসার মোড়ে অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছিল।
তবে বেলা বাড়ার সাথে সাথে প্রায় সবগুলো সড়ক থেকে শিক্ষার্থীরা সরে গিয়ে ওয়াসার মোড় এলাকায় অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সসহ যাত্রীবাহী যেসব যানবাহানের কাগজপত্র ঠিক আছে সেগুলোকে ছেড়ে দিচ্ছে।
এদিকে গণপরিবহন সঙ্কটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। নগরীর সব সড়কেই রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় বাড়তি ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের।
বাস চলাচল না করায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে শত শত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
“এখন আগ্রাবাদ যাওয়ার জন্য অটোরিকশাও পাচ্ছি না। রিকশাচালক বেশি ভাড়া চাইছে।”
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে বলেন, “শুরুতে বহদ্দারহাট ও মুরাদপুর মোড়ে বিচ্ছিন্নভাবে কিছু ছাত্র গাড়ির কাগজপত্র দেখছিল।
“তাদের বুঝিয়েছি সরকার নয় দফা দাবি মেনে নিয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে। এরপর তারা আস্তে আস্তে চলে গেছে।”
এদিকে নগরীতে বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা বলেছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।
“বাস চলবে কী, মানুষই তো চলাচল করতে পারছে না। চকবাজার প্যারেড ময়দান থেকে আন্দরকিল্লা যাওয়ার জন্য এক ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। হোন্ডা, টেক্সি, টেম্পু- সব গাড়ি চেক করা হচ্ছে।”
মো. মুছা বলেন, বাস চালানো বা না চালানোর কোনো সিদ্ধান্তই হয়নি। যেখানে যেমন পরিস্থিতি সেখানে সেভাবে চলছে। কোথাও কোথাও বাস চলছে।
