২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের মালামাল উদ্ধারে গিয়ে মিলল ‘টানা পার্টির’ সন্ধান

এক বিদেশি নাগরিকের ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে গিয়ে নগরীতে একটি ‘টানা পার্টির’ সন্ধান পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 09:06 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

শুক্রবার নগর ডবলমুরিং থানার লালমিয়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে ওই ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল হক সজীব (২৪) নোয়াখালী জেলার হাতিয়া থানার পূর্ব জোটখিল গ্রামের নুরুল আমিন খোকনের ছেলে।

তার কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানার ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে রিকশা নিয়ে যাচ্ছিলেন মালদ্বীপের নাগরিক ইন্টার্ন চিকিৎসক মরিয়ম নাহুজা (২৯)।

“এসময় চার জন ছিনতাইকারী অটোরিকশা নিয়ে এসে তার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে একটি আইফোন, মালদ্বীপের জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড এবং পাঁচ হাজার টাকা ছিল।”

পরদিন থানায় অভিযোগ করেন চট্টগ্রামের বেসরকারি ইউএসটিসির ওই ইন্টার্ন চিকিৎসক।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকায় আছে বলে জানতে পারে গোয়েন্দা পুলিশ। অটোরিকশাটি উদ্ধারের পর নুরুল হক সজীবকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা ইলিয়াছ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব জানিয়েছে, সিএনজি টানা পার্টির বেশকিছু সদস্য বর্তমানে জেলে আছে।

“সজীবের কয়েকজন সহযোগীও জেলে। এ সুযোগে সজীব পেশাদার ছিনতাইকারী বেলাল, শাহজাহান ও আলাউদ্দিনকে নিয়ে নতুন টানা পার্টি গড়ে তুলেছে। নগরীর বিভিন্ন এলাকায় তারা ছিনতাই করে। তাদের মূল্য লক্ষ্য থাকে রিকশা আরোহী নারীরা।”