২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষার্থীদের আন্দোলনে আশার সঞ্চার হয়েছে’

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমাজে আশার সঞ্চার হয়েছে বলে মনে করেন চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 08:11 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

শুক্রবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে ‘সর্বস্তরের সংস্কৃতি কর্মী ও সচেতন নাগরিক সমাজ, চট্টগ্রাম’ ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ কথা বলেন।

সমাবেশে কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, “লাইসেন্স কিংবা পারমিট ছাড়া গাড়ি চলছে। ছোট ছোট ছেলেদের হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়েছে। তাদের পরীক্ষাও নেওয়া হয়নি। নৌমন্ত্রী শাহজাহান খানের কারণে এই সুবিধা পেয়েছে।

“আমরা একটা পাতানো সমাজের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সমাজে কোনো কিছু করতে অবৈধ সুবিধা নিচ্ছি। কিন্তু কোমলমতি শিক্ষার্থীরা এই পাতানো সমাজ মানেনি। তারা গণপরিবহন ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। তাদের এই উদ্যোগ, তাদের আন্দোলন আশার সঞ্চার করেছে।”

আবুল মোমেন বলেন, “গণজাগরণ মঞ্চের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন, কোটা আন্দোলন থেকে শুরু করে কিশোরদের এই আন্দোলনের মধ্যে একটা মিল রয়েছে। এসব আন্দোলনের সূচনা হয়েছে কিশোর এবং তরুণদের হাত ধরে। এতে করে ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আমরা আশাবাদী হতে পারি।”

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি চন্দন দাশ বলেন, “লাইসেন্স ছাড়া অনেক গাড়ি চলছে। তবে তাদেরও একটা লাইসেন্স রয়েছে। সেটা হচ্ছে টোকেন। সেটা কখনো নীল, কখনো লাল, কখনো অন্য রংয়ের। এই কারণে গণপরিবহনে নৈরাজ্য দেখা দিয়েছে।”

ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, “শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। গণপরিবহনে যে নৈরাজ্যকর ব্যবস্থা চলছে তা আর চলতে দেওয়া যায় না। ট্রাফিক ব্যবস্থায় ছাত্ররা শৃংখলা এনেছে। তাহলে পুলিশ কেন পারবে না?

“সড়কে আর কোনো প্রাণ কেড়ে নেওয়া হোক সেটা আমরা চাই না। আমাদের প্রজন্ম যা পারেনি আমাদের সন্তানরা তা করে দেখিয়েছে। তাই ভবিষ্যৎ বাংলাদেশ হবে সুন্দর ও ন্যায়ের বাংলাদেশ- এই আশা আমরা করতেই পারি।”

বাসচাপা দিয়ে ছাত্র হত্যার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে উদীচী শিল্পী গোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, খেলাঘর চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে।

সংস্কৃতিকর্মী রাশেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, কবি আশীষ সেন প্রমুখ অংশ নেন।