শিক্ষার্থীদের বিক্ষোভের পর চট্টগ্রাম-ঢাকা রুটে বাস কম
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চট্টগ্রাম থেকেও ঢাকার উদ্দেশে বিভিন্ন পরিবহন কোম্পানির বাস চলাচল কমে গেছে।
আন্তঃজেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা না থাকলেও নিজেদের নিরাপত্তার কথা ভেবে মালিকরা বাস কম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সোহাগ পরিবহনের চট্টগ্রাম কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে ছয়টি বাস ছাড়ার কথা থাকলেও ছেড়েছে মাত্র একটি।
সোহাগের চট্টগ্রাম শাখার ম্যানেজার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “মহাসড়কে সমস্যার কথা বিবেচনা করে বাস ছাড়া হয়নি। রাতে বাস চলতে পারে।”
গ্রিন লাইন পরিবহনের ছয়টি বাসের মধ্যে চারটি ছেড়েছে বলে জানান কোম্পানির চট্টগ্রামের ম্যানেজার বিপ্লব আইচ বাবু।
হানিফ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসের মধ্যে দিনে ও রাতে মিলিয়ে আটটি ছাড়ার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত একটি ছেড়েছিল। হানিফের ম্যানেজার মোহাম্মদ মাসুদ বলেন, রাতে একটি বাস ছাড়বে।
আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দূরপাল্লার বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা সমিতির পক্ষ থেকে নেই। মহাসড়কে বাস চলছে।
কম চলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যাত্রী কম থাকায় হয়ত বাসও কম ছাড়ছে।”
গত রোববার ঢাকায় বাসচাপায় দুজন শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন চলছে। চট্টগ্রামেও শিক্ষার্থীরা গত দুই দিন ধরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তারা সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের লাইসেন্স চেক করে মামলা দিতে পুলিশকে বাধ্য করে।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে যানজট লাগার পাশাপাশি গণপরিবহন চলাচলও কমে যায়।
