২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িটি স্ক্র্যাপ করার চেষ্টা করছিলেন মালিক

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি ল্যান্ড রোভার গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2018, 08:46 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

মঙ্গলবার চট্টগ্রামের শুল্ক গোয়েন্দার একটি দল বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল এলাকার একটি গ্যারেজ থাকা আড়াই হাজার সিসির ল্যান্ড রোভার ডিফেন্ডার মডেলের গাড়িটি আটক দেখায়।

শুল্ক অধিদপ্তর তদন্ত শুরু করলে গাড়িটির মালিক এটির যন্ত্রাংশ খুলে স্ক্র্যাপ করার চেষ্টা শুরু করেছিলেন বলে জানান শুল্ক গোয়েন্দারা।

গত ১১ জুলাই তারা গাড়িটির খবর পান শুল্ক গোয়েন্দারা।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মো. আবদুর আহাদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে টেক্সটাইল এলাকায় তাসনিম মাহমুদের মালিকানাধীন গ্যারেজে অভিযান চালিয়ে গাড়িটির সন্ধান মেলে।

“পরবর্তীতে আমদানি করা গাড়িটির কাগজপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার এটি আটক করা হয় এবং এই ঘটনায় একটি মামলা করা হয়।”

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আবু হানিফ জানান, শুল্ক করসহ গাড়িটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা।