পায়েল হত্যায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
চট্টগ্রামে এই মানববন্ধন কর্মসূচি থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল হত্যায় জড়িত হানিফ পরিবহনের চালক, সুপরাভাইজার এবং হেলপারের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির পাশাপাশি পায়েলের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে।
রোববার সকালে সরকারি মুসলিম হাই স্কুলের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে এ প্রতিবাদ কর্মসূচিতে সাধারণ নাগরিক ও পায়েলের স্বজনরাও অংশ নেয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার হেনরি, সহকারী শিক্ষক আক্তার হোসাইন, পায়েলের বড়ভাই গোলাম মোস্তফা পলাশ, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমনসহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র পায়েলের বাসা চট্টগ্রামের হালিশহর সিডিএ আবাসিক এলাকায়।
গত ২২ জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিনের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরে মুন্সিগঞ্জের ভাটেরচর সেতুর নিচের খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করা হয়।
হানিফ পরিবহনের ওই বাসের চালকসহ তিন কর্মচারীকে গ্রেপ্তারের পর পুলিশ বলেছে, তারা দুর্ঘটনায় দায় এড়াতে বাসের দরজার থাক্কায় জ্ঞান হারানো পায়েলকে খালে ফেলে দিয়েছিলেন।
